tanaka
প্রচ্ছদআন্তর্জাতিক‘সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’: পাকিস্তান সেনাবাহিনী

‘সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’: পাকিস্তান সেনাবাহিনী

বলিউডের ধাঁচে তথ্যচিত্র বা সিনেমা নির্মাণ করে যুদ্ধক্ষেত্রের পরাজয় আড়াল কিংবা ইতিহাস বদলে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

ভারতের নির্মিত ‘অপারেশন সিন্দুর’ নামের একটি তথ্যচিত্রের সমালোচনা করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, সামরিক ব্যর্থতা স্বীকার না করে ভারত নাটকীয় ও সিনেমাটিক উপায়ে ঘটনাগুলোকে নিজেদের পক্ষে তুলে ধরার চেষ্টা করছে।

পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, ওই তথ্যচিত্রে ভুল তথ্য ও অতিরঞ্জিত ঘটনা উপস্থাপন করে সংঘাতকে একতরফা ভারতীয় বিজয় হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। তাদের ভাষ্য, বাস্তবতা আড়াল করতে নির্মিত এই ধরনের ভিডিও একই সঙ্গে ‘ট্র্যাজেডি ও কমেডি’।

আইএসপিআর আরও দাবি করেছে, ‘মারকা-ই-হক’ এবং পাকিস্তানের পাল্টা অভিযান ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’-এর নথি, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন এবং ভারতের বিভিন্ন বক্তব্যেই প্রকৃত ঘটনা উঠে এসেছে। তাদের দাবি, এসব তথ্যের মাধ্যমে ভারতের সামরিক ক্ষয়ক্ষতি ও ২৬টি সামরিক স্থাপনায় হামলার বিষয়ও স্পষ্ট হয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, কোনো সিনেমাটিক উপস্থাপন বা প্রচারণার মাধ্যমে যুদ্ধক্ষেত্রের বাস্তবতাকে বদলে দেওয়া সম্ভব নয়। ভবিষ্যতে এ ধরনের কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে তারা।