ঢাকার মিরপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী মিরপুর বিভাগের সাত থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকারের সার্বিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি ও থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে পুলিশের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম এ গ্রেপ্তার অভিযান চালায়।
ডিসি মো. মোস্তাক সরকার জানান, মিরপুর বিভাগের সাত থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মিরপুর মডেল থানায় ৩৭ জন, শাহ আলী থানায় ১২ জন, পল্লবী থানায় ২৪ জন, কাফরুল থানায় ৮ জন, দারুস সালাম থানায় ৬ জন, রূপনগর থানায় ২৪ জন এবং ভাষানটেক থানায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের তিনজন সদস্য রয়েছেন বলেও জানান তিনি।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।



