জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার দ্রুত সম্পন্ন করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আসিফ নজরুল বলেন, “জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিচার প্রক্রিয়ার অগ্রগতি সন্তোষজনক। বিচারকাজ আরও দ্রুত সম্পন্ন করতে প্রয়োজন হলে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে।”
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তবিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
প্রসঙ্গত, জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার কার্যক্রম জোরেশোরেই চলছে। ইতোমধ্যে একাধিক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন এবং সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন শীর্ষ নেতার মামলায় সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে ট্রাইব্যুনাল-১ এবং ট্রাইব্যুনাল-২-এ এসব বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে মূল ভবনের সংস্কার কাজ এখনো চলমান থাকায় ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম অস্থায়ী টিনশেড ভবনে পরিচালিত হচ্ছে।



