tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকপাঞ্জাবে ভয়াবহ বন্যা: ২৯ জনের মৃত্যু, পানিবন্দি লাখো মানুষ

পাঞ্জাবে ভয়াবহ বন্যা: ২৯ জনের মৃত্যু, পানিবন্দি লাখো মানুষ

ভারতের পাঞ্জাব রাজ্যে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুতলজ, বিয়াস ও রাভি নদী উপচে পড়ায় রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এক মাস ধরে চলা এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন আড়াই লাখের বেশি মানুষ।

সরকারি তথ্যে জানা গেছে, রাজ্যের ২৩টি জেলার মধ্যে ১২টি জেলায় পানিবন্দি অবস্থা বিরাজ করছে। সবচেয়ে বিপর্যস্ত জেলা পাঠানকোট, যেখানে ছয়জনের মৃত্যু হয়েছে এবং তিনজন নিখোঁজ রয়েছেন। অমৃতসর, বরনালা, লুধিয়ানা ও হোশিয়ারপুরসহ অন্যান্য জেলাতেও প্রাণহানির খবর পাওয়া গেছে।

বন্যায় প্লাবিত হয়েছে এক হাজারেরও বেশি গ্রাম। শুধু অমৃতসরেই প্রায় ৩৫ হাজার, ফেরোজপুরে ২৪ হাজার, ফাজিলকায় ২১ হাজার এবং পাঠানকোটে ১৫ হাজারের বেশি মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।

এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি উদ্ধারকাজ হয়েছে গুরদাসপুর জেলায়। তবে দুর্গত এলাকায় রাস্তাঘাট ধ্বংস হয়ে যাওয়ায় ত্রাণ পৌঁছাতে প্রশাসন চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ত্রাণ কার্যক্রমের গতি প্রয়োজনের তুলনায় অনেক ধীর।

কৃষিখাতেও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৯৬ হাজার হেক্টর জমির ফসল পানির নিচে চলে গেছে, যার মধ্যে ধান ও ভুট্টার চাষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। মারা গেছে বহু গবাদিপশুও।

বন্যা মোকাবিলায় সেনাবাহিনী, এনডিআরএফ ও রাজ্য পুলিশ যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ২০টি বিশেষ দল কাজ করছে দুর্গত এলাকায়। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পানি না কমা পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব করা সম্ভব নয়।

বিশ্লেষকদের মতে, এবারের বন্যা জলবায়ু পরিবর্তন ও নদী অববাহিকার অপরিকল্পিত উন্নয়নের পরিণতি। ভবিষ্যতে এমন দুর্যোগ এড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।