tanaka
প্রচ্ছদসারাদেশলিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু

লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু

লিবিয়ায় মানবপাচারকারী চক্র ও মাফিয়াদের নির্যাতনে মাদারীপুরের শিবচরের যুবক ইকবাল মাদবর (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছালে স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

নিহত ইকবাল মাদবর শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের সরকারেরচর গ্রামের বাসিন্দা।

স্বজনদের অভিযোগ, কয়েক মাস আগে ইতালি যাওয়ার আশায় মানবপাচারকারী চক্রের সদস্য সাগর মাদবর ও কামরুল মাদবরের প্রলোভনে পড়ে দেশ ছাড়েন ইকবাল। চুক্তি অনুযায়ী তার পরিবার দালালদের হাতে ২০ লাখ টাকা তুলে দেয়।

তবে ইতালির পরিবর্তে ইকবালকে লিবিয়ায় নিয়ে গিয়ে বন্দি করা হয় এবং সেখানে তার ওপর নির্যাতন চালানো হয় বলে পরিবারের দাবি। পরে তার মুক্তির জন্য ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি।

স্বজনরা জানান, ধারদেনা করে দালালদের আরও ৮ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু বাকি ৪ লাখ টাকা দিতে না পারায় ইকবালের ওপর নির্যাতন বাড়তে থাকে। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।

ইকবালের মৃত্যুর খবর পাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।