tanaka
প্রচ্ছদআন্তর্জাতিক২৮ বার পদত্যাগের হুমকি দিয়েছেন পেজেশকিয়ান, ফের দিলে গ্রহণ করা হবে: খামেনির...

২৮ বার পদত্যাগের হুমকি দিয়েছেন পেজেশকিয়ান, ফের দিলে গ্রহণ করা হবে: খামেনির ঘনিষ্ঠের দাবি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আর একবার পদত্যাগের হুমকি দিলে তা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি—এমন দাবি করেছেন একজন জ্যেষ্ঠ শিয়া ধর্মীয় নেতা। তবে প্রেসিডেন্টের কার্যালয় এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক ভিডিওতে জ্যেষ্ঠ শিয়া নেতা মোহাম্মদ-বাগের খারাযি দাবি করেন, পেজেশকিয়ান এ পর্যন্ত ২৮ বার পদত্যাগের হুমকি দিয়েছেন। খারাযির ভাষ্য অনুযায়ী, সর্বোচ্চ নেতার কঠোর বার্তার পর প্রেসিডেন্ট আর পদত্যাগের বিষয়ে এগোতে সাহস করছেন না।

খারাযি দাবি করেন, মোজতবা খামেনি বলেছেন, “তিনি যদি আবার পদত্যাগের প্রস্তাব দেন, তাহলে আমি তা অনুমোদন করব।” তবে এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এর আগে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২০২৬ সালের মে মাসে পেজেশকিয়ান সর্বোচ্চ নেতার দপ্তরে একটি আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, তার সরকার নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে দূরে রাখা হচ্ছে এবং রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) রাষ্ট্রীয় বিষয়ে অতিরিক্ত প্রভাব বিস্তার করছে।

প্রেসিডেন্ট কার্যালয়ের প্রতিবাদ

প্রেসিডেন্টের মিডিয়া ও তথ্যবিষয়ক ডেপুটি মেহেদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খারাযির বক্তব্য প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন, একটি চরমপন্থী গোষ্ঠী জাতীয় ঐক্য নষ্ট করার চেষ্টা করছে।

প্রেসিডেন্টের উপদেষ্টা আলী-আসগর শাফিয়ানও খারাযির বক্তব্যকে ‘কাল্পনিক গল্প’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, খারাযির সঙ্গে মোজতবা খামেনির কোনো বৈঠক বা যোগাযোগের তথ্য নেই।

সংস্কারপন্থী রাজনৈতিক কর্মী আহমদ জাইদাবাদি মন্তব্য করেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর চেষ্টা হতে পারে।

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে বিরোধ

ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনার অন্যতম কারণ হিসেবে সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতাকে দেখা হচ্ছে। দেশটির কিছু কট্টরপন্থী গোষ্ঠীর দাবি, এই সমঝোতা সর্বোচ্চ নেতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

অন্যদিকে পেজেশকিয়ান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অধিকাংশ সদস্যের অনুমোদন এবং সর্বোচ্চ নেতার সম্মতির পরই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে খারাযি আরও দাবি করেছেন, ইরানের নিরাপত্তা ও কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আসতে পারে। তবে এসব দাবির বিষয়ে সরকারি কোনো নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি।