রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গ শহরে অনুষ্ঠেয় ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন হালিমা ইয়াসমিন মুক্তা। বর্তমানে তিনি লিথুয়ানিয়ার কাউনাসে অবস্থিত সরকারি প্রতিষ্ঠান লিথুয়ানিয়ান স্পোর্টস ইউনিভার্সিটিতে ‘ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট’ বিষয়ে মাস্টার্স করছেন।
গত ফেব্রুয়ারিতে বিশ্বের ১৯১টি দেশের তরুণ প্রতিনিধিদের কাছ থেকে আবেদন আহ্বান করে রাশিয়ার কেন্দ্রীয় যুববিষয়ক সংস্থা ‘রসমোলোদিওঝ’ ও ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তর। প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়া শেষে ‘ফুল ফান্ডেড পার্টিসিপ্যান্ট’ হিসেবে নির্বাচিত হন মুক্তা।
সৃজনশীল শিল্প, জনপ্রশাসন, বিজ্ঞান ও শিক্ষা, খেলাধুলা, উদ্যোক্তা, মিডিয়া, ডিজিটালাইজেশন ও তথ্যপ্রযুক্তি এবং সামাজিক খাত—বিভিন্ন ক্যাটেগরিতে আবেদন গ্রহণ করে আয়োজকরা। এর মধ্যে ‘সৃজনশীল শিল্প’ এবং ‘মিডিয়া, ডিজিটালাইজেশন ও আইটি’ ক্যাটেগরিতে আবেদন করে নির্বাচিত হয়েছেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত লালমাটিয়া মহিলা কলেজ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতক সম্পন্ন করার পর পর্যটন খাতে কর্মজীবন শুরু করেন মুক্তা। ট্যুরিজম ও হসপিটালিটি বিষয়ে উচ্চশিক্ষার লক্ষ্যে গত বছরের ডিসেম্বরে লিথুয়ানিয়ায় পাড়ি জমান তিনি। বর্তমানে লিথুয়ানিয়ান স্পোর্টস ইউনিভার্সিটিতে মাস্টার্সে অধ্যয়নরত।
ফেস্টিভ্যালে অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হালিমা ইয়াসমিন মুক্তা বলেন, ‘এত বড় একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশ, দেশের সংস্কৃতি ও সম্ভাবনাকে তুলে ধরার সুযোগ পাওয়া সত্যিই গর্বের।’
আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০ হাজার যুব প্রতিনিধি অংশ নেবেন। এর মধ্যে রাশিয়ার বাইরে বিশ্বের ১৯১টি দেশ থেকে আমন্ত্রণ জানানো হবে পাঁচ হাজার প্রতিনিধিকে।
ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তরের প্রেস টিম জানিয়েছে, এবারের আয়োজনে বাংলাদেশ থেকে মোট ৯০ জন প্রতিনিধি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। তবে বাছাই প্রক্রিয়া এখনও চলমান থাকায় এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কতজন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।



