চকবাজারে কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) রাতে চকবাজারের কামালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে সাইফুলকে নিয়ে আসা খোকন জানান, তিনি ওই পলিথিন কারখানায় কাজ করতেন। রাতে মেশিনে কাজ করার সময় হঠাৎ পুরো মেশিনে বিদ্যুৎ চলে আসে। মেশিন স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তিনি আরও জানান, সাইফুলের গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। তার বাবার নাম সুলতান হাওলাদার। তিনি ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় বসবাস করতেন। তাদের পরিবারে তিনি পাঁচ ভাই-বোনের একজন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।



