যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানো এবং তিনি যুদ্ধের অবসান ঘটাতে যা সম্ভব তা করবেন। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও জি-৭ নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে ট্রাম্প বলেন, আমি যা পারি তাই করবো। তিনি জানান, যুদ্ধক্ষেত্রে দুই পক্ষেরই অনেক তরুণ প্রাণ হারাচ্ছে।ট্রাম্প বলেন, রাশিয়ার একটি চুক্তিতে আসা উচিত। আমি আটটি যুদ্ধের সমাধান করেছি। এটিই ছিল সেই যুদ্ধ, যেটি সমাধান করা সবচেয়ে সহজ হবে বলে আমি ভেবেছিলাম। তবে তিনি যে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন বলে দাবি করেছেন, তা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করা এবং কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়াই ছিল আলোচনার মূল বিষয়, যাতে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। শান্তি প্রয়োজন
তিনি আরও জানান, জি-৭ নেতাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পেয়েছেন। এর মধ্যে রয়েছে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, সেগুলোর উৎপাদনের লাইসেন্স, শীতকালীন সহায়তা প্যাকেজ এবং রাশিয়ার ওপর আরও চাপ বৃদ্ধি।
জেলেনস্কি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আলোচিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা। রাশিয়াকে বুঝতে হবে যে তাদের এই যুদ্ধ কখনোই স্বাভাবিক বিষয় হিসেবে গ্রহণ করা হবে না। যারা আমাদের সহায়তা করছে, তাদের সবাইকে ধন্যবাদ।
ইউরোপীয় কূটনীতিকরা জানিয়েছেন, বৈঠকের পরিবেশ ছিল ইতিবাচক ও গঠনমূলক।



