tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকটেক্সাসে বন্দুক হামলা: নিহত ১, গুলিবিদ্ধ ১১

টেক্সাসে বন্দুক হামলা: নিহত ১, গুলিবিদ্ধ ১১

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুন) সকালে সংঘটিত এ ঘটনায় অন্তত একজন নিহত এবং আরও ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। কয়েক ঘণ্টার অভিযানের পর হামলাকারীকেও মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে শহরের ওয়েস্ট ওয়াল স্ট্রিটের ৪৬০০ ব্লকের একটি ভবন থেকে গুলির শব্দ শোনা গেলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। মিডল্যান্ডের মেয়র লোরি ব্লং জানান, হামলায় মোট ১১ জন আহত হয়েছেন এবং অন্তত একজন ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও বলেন, পুলিশের অভিযানের পর সন্দেহভাজন হামলাকারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই।

গুলিবিদ্ধদের দ্রুত উদ্ধার করে মিডল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের মুখপাত্র টাসা রিচার্ডসন জানান, আহতদের মধ্যে নয়জনকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় অস্ত্রোপচার চলছে। বাকি পাঁচজনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি।

ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে সকাল ৮টা ২০ মিনিটে হাসপাতালটি লকডাউন করা হয়। পরে সকাল ১০টা ১০ মিনিটে মূল ক্যাম্পাসের লকডাউন তুলে নেওয়া হলেও জরুরি বিভাগে কড়া নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে সেখানে না যাওয়ার অনুরোধ জানিয়েছে।

ফোর্ট ওর্থ ও এল পাসো শহরের মাঝামাঝি অবস্থিত মিডল্যান্ডে এ হামলার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে হামলাকারীর পরিচয় কিংবা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: সিএনএন