পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দলীয় নেতাদের দেশটির পার্লামেন্টের সব স্থায়ী কমিটি থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানান তার বোন আলিমা খান।
আলিমা বলেন, ইমরান দলের সব সদস্যকে কমিটি থেকে পদত্যাগ করতে বলেছেন। পাশাপাশি আসন্ন উপনির্বাচন প্রসঙ্গে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর ও মহাসচিব সালমান আকরাম রাজাকে নির্দেশ দিয়েছেন। তার মতে, উপনির্বাচনে অংশ নিলে “ভুয়া নির্বাচনের” আইনি বৈধতা দেওয়া হবে।
এর আগে জানা যায়, আলিমা নিজেও উপনির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা করেছেন এবং এটিকে ইমরানের নির্দেশনার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। তবে রাজনৈতিক কমিটিতে মতপার্থক্য দেখা দেয়। সেখানে ১৩ জন সদস্য নির্বাচনে অংশগ্রহণের পক্ষে এবং ৯ জন বিপক্ষে অবস্থান নেন। এ নিয়ে হতাশ হয়ে মহাসচিব সালমান আকরাম রাজা পদত্যাগপত্র জমা দিলেও ইমরান তা প্রত্যাখ্যান করেন।
অন্যদিকে, জিও নিউজ জানিয়েছে, সিনেটে বিরোধী দলীয় নেতা হিসেবে মজলিস ওয়াহদাতুল মুসলিমিন (এমডব্লিউএম) প্রধান আল্লামা নাসির আব্বাস এবং জাতীয় পরিষদে পাখতুনখোয়া মিল্লি আওয়ামি পার্টির (পিকেএমএপি) চেয়ারম্যান মাহমুদ খান আচাকজাইকে মনোনীত করেছেন ইমরান।
আলিমা আরও জানান, সাক্ষাতে ইমরান স্ত্রী বুশরা বিবির পরিস্থিতি এবং কর্মী শহরেজ ও শেরশাহর গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত বছরের ৯ মে দাঙ্গার ঘটনায় শেরশাহর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও জিন্নাহ হাউসে উপস্থিত থাকার অভিযোগ আনা হয়েছে। আর শহরেজের নাম সম্পূরক তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া ক্রিকেটের অবনতির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভিকে দায়ী করেছেন ইমরান। একইসঙ্গে বুন অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্দশার কথাও উল্লেখ করেছেন তিনি।
স্বাস্থ্য প্রসঙ্গে আলিমা জানান, ইমরান শারীরিকভাবে সুস্থ আছেন, তবে চোখের সমস্যায় ভুগছেন। আদালতের মাধ্যমে পিমস হাসপাতালের চিকিৎসক দিয়ে তার চিকিৎসা করানোর উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘ তিন মাস পর অবশেষে তিন বোন একসঙ্গে তার সঙ্গে দেখা করতে পেরেছেন বলেও জানান তিনি।



