tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিফের মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়াল, চাপে মধ্যবিত্ত

ফের মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়াল, চাপে মধ্যবিত্ত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, আমদানি ব্যয় বাড়া এবং সরবরাহ শৃঙ্খলে সমন্বয়ের ঘাটতির কারণে দেশে মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এপ্রিল মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই পণ্যের দাম বাড়ায় সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়িয়েছে, যা সীমিত ও মধ্যবিত্ত পরিবারের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে।

সংশ্লিষ্টদের মতে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি মূল্যস্ফীতিতে পড়েছে। যদিও সরকার আগে আশঙ্কা করেছিল যুদ্ধ পরিস্থিতির কারণে দ্রব্যমূল্য বাড়তে পারে, তবুও গত ২০ এপ্রিল জ্বালানির দাম বাড়ানোর পর মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বাড়বে না বলে জাতীয় সংসদে জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, এপ্রিল মাসে দেশের মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশ, যা মার্চে ছিল ৮.৭১ শতাংশ। গত বছরের একই সময়ে এ হার ছিল ৯.১৭ শতাংশ। বার্ষিক হিসেবে সামান্য কমলেও মাসভিত্তিক হিসাবে মূল্যস্ফীতির চাপ বেড়েছে স্পষ্টভাবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান আক্রমণকে ঘিরে সৃষ্ট ভূরাজনৈতিক উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে পড়ে। এর ফলে দেশে জ্বালানির দাম বাড়ে, যা পরিবহন ব্যয় ও উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। এর প্রভাব পড়ে এলপি গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে ভোক্তাদের আগের তুলনায় বেশি দামে পণ্য কিনতে হচ্ছে।

খাদ্যপণ্যে চাপ অব্যাহত
বিবিএস-এর তথ্য অনুযায়ী, এপ্রিলে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৩৯ শতাংশ, যা মার্চে ছিল ৮.২৪ শতাংশ। ভোজ্য তেল, শাকসবজি, ব্রয়লার ও লেয়ার মুরগি এবং ডিমের দাম বৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে পড়েছে। সরবরাহ ব্যয় বৃদ্ধি ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতাও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে।

খাদ্যবহির্ভূত খাতে তীব্র উল্লম্ফন
খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি আরও দ্রুত বেড়ে ৯.৫৭ শতাংশে পৌঁছেছে, যা মার্চে ছিল ৯.০৯ শতাংশ। জ্বালানি, পরিবহন, গ্যাস ও বিভিন্ন সেবার মূল্যবৃদ্ধি এই খাতে বড় প্রভাব ফেলেছে। ফলে সামগ্রিক জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিবিএস-এর হিসাবে, এপ্রিলে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯.০৫ শতাংশে দাঁড়িয়েছে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮.২৩ শতাংশ এবং খাদ্যবহির্ভূত ৯.৮১ শতাংশ। শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯.০২ শতাংশ; খাদ্য ৮.৮১ শতাংশ এবং খাদ্যবহির্ভূত ৯.১৫ শতাংশ।

আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি
অর্থনীতিবিদদের মতে, বর্তমান মূল্যস্ফীতি মূলত ‘কস্ট-পুশ ইনফ্লেশন’—অর্থাৎ উৎপাদন ও সরবরাহ ব্যয় বৃদ্ধির কারণে পণ্যের দাম বাড়ছে। কিন্তু সেই অনুপাতে আয় না বাড়ায় মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে।

তারা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল না হলে এবং অভ্যন্তরীণ বাজার তদারকি জোরদার না করা হলে স্বল্পমেয়াদে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে। এ জন্য জ্বালানি বিকল্প নীতি, আমদানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং বাজার মনিটরিং জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

গত ১৯ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এতে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ থেকে ১১৫ টাকা, কেরোসিন ১১২ থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ থেকে ১৪০ টাকা এবং পেট্রল ১১৬ থেকে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।

চাপে সাধারণ মানুষ
এদিকে এপ্রিল মাসে জাতীয় গড় মজুরি বেড়েছে ৮.১৬ শতাংশ, যা মূল্যস্ফীতির তুলনায় কম। ফলে মানুষের প্রকৃত আয় কমে গেছে এবং জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে।

রাজধানীর মীরবাগ এলাকার গৃহকর্মী কাজলী খাতুন বলেন, “ভাড়া বাসায় থাকি, সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। কয়েক দিনে গ্যাসের দাম ৬০০ টাকা বেড়েছে। অন্যান্য জিনিসপত্রের দামও বাড়ছে—এত খরচ সামলাবো কীভাবে?”

মগবাজারের বাসিন্দা খলিলুর রহমান, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী, জানান তার মাসিক আয়ের বড় অংশ ঘরভাড়া, সন্তানদের পড়াশোনা ও পরিবারের খরচে চলে যায়। আগে সীমিত বাজেটে সংসার চললেও এখন নিত্যপণ্যের দাম বাড়ায় খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। বিনোদনসহ অনেক খাতে ব্যয় কমিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।

ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি এএইচএম সফিকুজ্জামান বলেন, একসঙ্গে অনেক পণ্যের দাম বাড়ায় সীমিত আয়ের মানুষের ওপর চাপ বেড়েছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পরিবহন ব্যয়সহ সার্বিক বাজারে পড়ছে।