tanaka
প্রচ্ছদজাতীয়বিদ্যুতের দাম ১৭–২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব

বিদ্যুতের দাম ১৭–২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব

দেশে বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে ১৭ থেকে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করেছে। এতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়তে পারে।

প্রস্তাবটি বিবেচনায় নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) একটি কারিগরি কমিটি গঠন করেছে। জানা গেছে, আগামী ২০ ও ২১ মে এ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হতে পারে। বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৮ টাকা ৯৫ পয়সা, যদিও গ্রাহক শ্রেণি ও ব্যবহারের ওপর ভিত্তি করে এ দামে ভিন্নতা রয়েছে।

পিডিবি পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই মূল্য বৃদ্ধির প্রস্তাব দিলেও নিম্নআয়ের ‘লাইফলাইন’ গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখার সুপারিশ করেছে। এরা সাধারণত মাসে ৭৫ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন।

বিইআরসি’র সদস্য (বিদ্যুৎ) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শাহিদ সারওয়ার জানিয়েছেন, নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের প্রস্তাব জমা দিচ্ছে এবং অধিকাংশ প্রস্তাব ইতোমধ্যে কমিশনে এসেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে।

সূত্র জানায়, বিদ্যুৎ খাতে ক্রমবর্ধমান লোকসান কমাতে পিডিবি আনুষ্ঠানিকভাবে এই মূল্যবৃদ্ধির আবেদন করেছে। প্রস্তাবটি বর্তমানে কারিগরি কমিটির পর্যালোচনায় রয়েছে। তবে আসন্ন ঈদুল আজহার আগে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, পাইকারি পর্যায়ে মূল্য পরিবর্তন হলে সাধারণত তার সঙ্গে সামঞ্জস্য রেখে খুচরা পর্যায়েও সমন্বয় করা হয়। তাই প্রস্তাবটি খতিয়ে দেখতে কারিগরি কমিটি গঠন করা হয়েছে। তবে নিম্নআয়ের গ্রাহকদের স্বস্তি দিতে ‘লাইফলাইন’ গ্রাহকদের জন্য দাম অপরিবর্তিত রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে।

কমিশনের বিধি অনুযায়ী, প্রথমে কারিগরি কমিটি প্রস্তাব মূল্যায়ন করবে। এরপর অংশীজনদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে প্রস্তাবের যৌক্তিকতা যাচাই শেষে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিদ্যুৎ খাতে আয়-ব্যয়ের ভারসাম্য ও সরকারের ভর্তুকি নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দাম নির্ধারণ করা হবে।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ানো হয়। তখন খুচরা পর্যায়ে ৮ দশমিক ৫ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। ফলে পাইকারি বিদ্যুতের গড় দাম ৬ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ৭ টাকা ৪ পয়সা হয়।

বর্তমান প্রস্তাব অনুযায়ী দাম বাড়ানো হলে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়তে পারে। এর ফলে সরকারি ভর্তুকিও উল্লেখযোগ্য হারে কমবে। পিডিবির হিসাব অনুযায়ী, ইউনিটপ্রতি ৫০ পয়সা বাড়ালে ভর্তুকি কমবে প্রায় ৫ হাজার ২৪৪ কোটি টাকা। ১ টাকা বাড়ালে কমবে ১০ হাজার ৪৮৯ কোটি টাকা এবং ১ টাকা ২০ পয়সা বাড়ালে তা প্রায় ১২ হাজার ৫৮৬ কোটি টাকা পর্যন্ত হ্রাস পেতে পারে।

বর্তমানে পিডিবি সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে চুক্তিভিত্তিক দামে বিদ্যুৎ কিনে বিতরণ সংস্থাগুলোর কাছে বিক্রি করে। উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে ব্যবধান থাকায় এ খাতে ভর্তুকির প্রয়োজন হয়। অন্যদিকে বিতরণ সংস্থাগুলো ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ বিক্রি করে মুনাফা করছে বলে জানা গেছে।

পিডিবির তথ্য অনুযায়ী, প্রস্তাবিত মূল্যবৃদ্ধির ফলে প্রায় ৩৭ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়বে। বাকি ৬৩ শতাংশ গ্রাহক ‘লাইফলাইন’ ক্যাটাগরির আওতায় থাকায় তাদের ওপর সরাসরি প্রভাব পড়বে না। বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের ওপরই বাড়তি মূল্য আরোপের পরিকল্পনা করা হচ্ছে।

বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবও দেশের বিদ্যুৎ খাতে পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানি ব্যয় বেড়েছে। এরই মধ্যে গত ১৮ এপ্রিল নির্বাহী আদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি বিদ্যুতের দাম সমন্বয়ের লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি মন্ত্রিসভা কমিটিও গঠন করা হয়েছে।

তবে বিশেষজ্ঞরা মূল্যবৃদ্ধির বিরোধিতা করছেন। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, ঘাটতির অজুহাতে বারবার দাম বাড়ানো কোনো টেকসই সমাধান নয়। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। তিনি খরচ কমানোর মাধ্যমে ভর্তুকি হ্রাসের পরামর্শ দেন।