tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিমে মাসের প্রথম ৪ দিনেই ৫,৫৯৭ কোটি টাকার রেমিট্যান্স

মে মাসের প্রথম ৪ দিনেই ৫,৫৯৭ কোটি টাকার রেমিট্যান্স

চলতি মে মাসের প্রথম চার দিনেই দেশে এসেছে ৪৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৫৯৭ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে)। এ হিসেবে প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে।

মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩১ কোটি ২০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছর প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ৪ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৭৮ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি।

এদিকে, গত এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

এর আগে ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। গত ডিসেম্বরে রেমিট্যান্স ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

সামগ্রিকভাবে, প্রবাসী আয় প্রবাহে ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলছে।