আজ রাত ১১টার পর দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার বা তার বেশি হতে পারে। একই সঙ্গে তীব্র বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাত ২টা থেকে সকাল ৬টার মধ্যে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
তিনি সতর্ক করে বলেন, পদ্মা, মেঘনা ও যমুনা নদীসংলগ্ন এলাকাগুলোর ওপর দিয়ে ঝড়টি অতিক্রম করতে পারে। এতে এসব নদীপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ, নৌযান ও ছোট কার্গো জাহাজ ঝুঁকির মুখে পড়তে পারে। ঝড়ের কবলে পড়ে নৌযান ডুবে যাওয়া কিংবা বজ্রপাতজনিত অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এ পরিস্থিতিতে আজ রাত ১১টা থেকে অন্তত সকাল ৮টা পর্যন্ত দেশের প্রধান নদীপথে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা উচিত। বিশেষ করে ঢাকা-দক্ষিণাঞ্চল রুটে নৌযান চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।



