tanaka
প্রচ্ছদজাতীয়ভারতীয় ভিসা নিয়ে সুখবর, শিগগিরই আসতে পারে ইতিবাচক পরিবর্তন

ভারতীয় ভিসা নিয়ে সুখবর, শিগগিরই আসতে পারে ইতিবাচক পরিবর্তন

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া আরও সহজ ও স্বাভাবিক হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, এ বিষয়ে ভারতের সঙ্গে উচ্চপর্যায়ে গঠনমূলক আলোচনা হয়েছে এবং এর সুফল খুব শিগগিরই দৃশ্যমান হতে পারে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, সাম্প্রতিক ভারত সফরের সময় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে।

খলিলুর রহমান আরও জানান, সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার ফলপ্রসূ বৈঠক হয়েছে। এসব আলোচনায় বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তি সহজ করা এবং প্রক্রিয়াকে আরও কার্যকর করার ওপর জোর দেওয়া হয়।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ উদ্যোগের ফলে অল্প সময়ের মধ্যেই ভিসা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং দুই দেশের জনগণের ঘনিষ্ঠ যোগাযোগ এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পারস্পরিক সম্মান, আস্থা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।