শনিবার, ২৮ মার্চ, যুক্তরাষ্ট্রের সব ৫০টি অঙ্গরাজ্যে ৩,৩০০-এরও বেশি সমাবেশে লাখো মানুষ রাস্তায় নেমেছেন। এটি ‘নো কিংস’ আন্দোলনের তৃতীয় বড় কর্মসূচি। আগের দুইবার শুধুমাত্র বড় শহরে সীমাবদ্ধ ছিল আন্দোলন, এবার তা ছোট শহর ও রক্ষণশীল এলাকাতেও ছড়িয়েছে। ফলে পুরনো সব রেকর্ড ভেঙে গেছে।
আন্দোলনের মূল বিষয় ছিল নির্বাহী ক্ষমতার অপব্যবহার। তবে প্রতিটি বিক্ষোভকারীর ক্ষোভ ভিন্ন—ইরানে নতুন যুদ্ধ, দ্রব্যমূল্য বৃদ্ধি, অভিবাসন নীতি, গর্ভপাত অধিকার হ্রাস—সবকিছু মিলিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ জন্মেছে।
আপস্টেট নিউ ইয়র্কের একটি রিপাবলিকান এলাকায় প্রথমবারের মতো ১৪ মাস বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে বিক্ষোভে অংশ নেওয়া ৩৭ বছর বয়সী কাইটলিন পিস বলেন, “সব কিছু মিলিয়েই এখানে এসেছি।” তার প্ল্যাকার্ডে লেখা ছিল, “পরিস্থিতি কতোটা খারাপ হলে ইন্ট্রোভার্টররাও রাস্তায় নামতে বাধ্য হয়।”
মিনেসোটায় সবচেয়ে বড় সমাবেশ হয়েছে। আয়োজকরা এটিকে মিনেসোটার ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে উল্লেখ করেছেন। গভর্নর টিম ওয়ালজ বলেন, “গণতন্ত্র ঝুঁকিতে পড়লে আমরা বসে থাকতে পারি না।”
ব্রুস স্প্রিংস্টিন মঞ্চে গান পরিবেশন করেন। জানুয়ারিতে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে নিহত রেনে গুড ও অ্যালেক্স প্রেত্তির স্মরণে তিনি গানটি গেয়েছেন।
৫৯ বছর বয়সী সাবেক রিপাবলিকান ভোটার ড্যান শেশনি বলেন, “আমরা আবারও মধ্যপ্রাচ্যে আটকে যাচ্ছি, কোনো পথ নেই।” ৫৭ বছরের সাবেক বিমান বাহিনী সদস্য মার্শা লুজিয়ার কাঁদতে কাঁদতে বলেন, “আমাদের মানুষ এমন একটি যুদ্ধে পাঠানো হয়েছে, যেখানে যাওয়া উচিত ছিল না।”
লস অ্যাঞ্জেলেসে লক্ষাধিক মানুষ জমায়েত হয়েছেন। ইকুয়েডরে জন্ম নেওয়া ৬২ বছর বয়সী মার্কিন সেনা ভেটেরান জন মেনা বলেন, “ট্রাম্প আমাকে আন্দোলনকারী বানিয়েছেন।” তিনি অর্থনীতি ও দ্রব্যমূল্যের ওপর উদ্বেগ প্রকাশ করেন।
গত অক্টোবরের বিক্ষোভে প্রায় ৭০ লাখ মানুষ অংশ নিয়েছিলেন, যা গিনেস বুক অব রেকর্ডস অনুযায়ী যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলন ছিল। এবারের বিক্ষোভের সংখ্যা আরও বেশি হওয়ার আশা রয়েছে।
‘নো কিংস’ আন্দোলন ইতোমধ্যেই কমপক্ষে ১৫টি দেশে ছড়িয়ে পড়েছে। রোম, প্যারিস, মাদ্রিদ, আমস্টারডাম, সিডনি ও টোকিওতে সমান্তরাল কর্মসূচি হয়েছে। সব মিলিয়ে, আন্দোলন বিশ্বব্যাপী দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।



