পুরান ঢাকার গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মেজবাহ উদ্দিন (২৮) মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। দগ্ধ অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ২টার দিকে গেন্ডারিয়ার হরিচরণ রোডের একটি বাসার পাশে এই বিস্ফোরণ ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে শুক্রবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মেজবাহ উদ্দিন। বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তার বাবা মোহাম্মদ মোসলিম (৬৫) ও মা সালমা বেগম (৫০)।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধ মোহাম্মদ মোসলিমের মেয়ে তাসনুভা তাবাসসুম জানান, তাদের বাসার দোতলার পাশে বিদ্যুতের ট্রান্সফরমার বসানো আছে। রাতে বৃষ্টির কারণে বারবার স্পার্ক হচ্ছিল। একপর্যায়ে আগুন ধরে যায় এবং তা বাসার ভেতরে ছড়িয়ে পড়লে বাবা-মা ও ভাই দগ্ধ হন।
ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মোহাম্মদ মোসলিমের শরীরের ৯০ শতাংশ ও সালমা বেগমের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালীও পুড়ে গেছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।



