ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে রাজধানীর বাস কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ দিয়েছেন মো. সরওয়ার, ভারপ্রাপ্ত কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে ঈদের সময় সড়কে লক্কড়-ঝক্কড় বাস চলাচল ঠেকাতে মোবাইল কোর্টের অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল-এ বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রীদের সহায়তার জন্য হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। কোনো লক্কড়-ঝক্কড় বাস সড়কে চলতে দেওয়া হবে না। যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে কাউন্টার টেররিজম ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।
তিনি আরও জানান, ঈদের সময় টার্মিনালসহ মহানগরজুড়ে বিপুল সংখ্যক ডিবি, সোয়াট ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে নির্দিষ্ট সময়ে ট্রাক ও লরির চলাচল বন্ধ রাখা হবে।
কোনো অবস্থাতেই যাত্রীদের হয়রানি করা যাবে না বলে সতর্ক করে তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট গাড়ির রুট পারমিট বাতিল করা হবে।
এদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে সবাই কাজ করছে বলে জানিয়েছেন বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস।



