একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা সুদসহ সম্পূর্ণ টাকা ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক–এর প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন। পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন।
বিক্ষোভ চলাকালে আমানতকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং একপর্যায়ে শাপলা চত্বর–সংলগ্ন প্রধান সড়ক অবরোধ করেন। এতে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।
যেসব পাঁচটি ব্যাংক একীভূত করা হয়েছে সেগুলো হলো-ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক। এসব ব্যাংককে একত্র করে একটি নতুন প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, তাদের আমানতের ওপর গত দুই বছরে মাত্র ৪ শতাংশ করে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তারা অমানবিক ও অন্যায্য বলে মনে করেন। অনেকেই এসব ব্যাংক থেকে মূলধন ও মুনাফা তুলতে পারছেন না, ফলে তারা আর্থিক সংকটে পড়েছেন। এই পরিস্থিতির প্রতিবাদেই তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।



