ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী ইরানে পুনরায় হামলা চালানোর ঘোষণা দিয়েছে। তাদের দাবি, এবারের অভিযানে ইরানের মধ্যাঞ্চলের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও প্রতিরক্ষা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
এদিকে চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। শনিবার ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেস-এর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
ওই কর্মকর্তা জানান, ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে—‘হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।’
বিশ্ব তেলবাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানির মূল পথ। এ রুট দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তেল পাঠায় সৌদি আরব, ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত। সরু এই সামুদ্রিক পথটি ওমান উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে।



