বহু নাটকীয়তার পর আবারও পিছিয়ে গেল অমর একুশে বইমেলা। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ২০ ফেব্রুয়ারি মেলা শুরু হওয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের বইমেলা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মহাপরিচালকের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ ফেব্রুয়ারি বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর টানা তিন দিন মেলা বন্ধ থাকবে। এরপর ২৫ ফেব্রুয়ারি থেকে পূর্ণাঙ্গভাবে শুরু হবে মেলার কার্যক্রম। ওই দিন থেকেই পাঠক-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।
এদিকে প্রকাশকদের জন্য এবার বিনামূল্যে স্টল বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



