আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতকে চ্যাম্পিয়ন করানোর পর এবার পড়ার টেবিলে ফিরতে হচ্ছে উদীয়মান তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী। ক্রিকেটের আলোঝলমলে জগৎ থেকে সাময়িক বিরতি নিয়ে তিনি অংশ নিতে যাচ্ছেন দশম শ্রেণির বোর্ড পরীক্ষায়।
সমস্তিপুরের পোদার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ নীল কিশোর জানিয়েছেন, ১৪ বছর বয়সী এই ক্রিকেটার ইতোমধ্যে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করেছেন এবং আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পরীক্ষায় অংশ নেবেন। তিনি আরও বলেন, বৈভবের জন্য কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না এবং অন্য শিক্ষার্থীদের মতোই সমান সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।অধ্যক্ষ বলেন, ‘এটি একটি একাডেমিক মাঠ, ক্রিকেটের মাঠ নয়। বৈভব একজন ছাত্র হিসেবেই পরীক্ষায় অংশ নেবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তাকে ঘিরে উৎসাহ থাকলেও পরীক্ষার পরিবেশ সবার জন্য একই থাকবে।’
সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসেন এই বাঁ-হাতি ব্যাটার। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১৫টি চার ও ১৫টি ছক্কার মার- যা টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস হিসেবে বিবেচিত হচ্ছে। তার এই ইনিংসের ওপর ভর করেই ভারত ষষ্ঠবারের মতো শিরোপা জয় করে।



