tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকএপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন

যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত বিষয়ে মার্কিন কংগ্রেসের তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। হাউজ ওভারসাইট কমিটির সমন অমান্য করার অভিযোগে তাদের বিরুদ্ধে ‘কংগ্রেস অবমাননার’ প্রস্তাব উত্থাপনের কয়েক দিন আগেই তারা এই সিদ্ধান্তের কথা জানান।

১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসনাল প্যানেলের সামনে সাক্ষ্য দিতে যাচ্ছেন। রিপাবলিকানদের নেতৃত্বাধীন হাউজ ওভারসাইট কমিটি দীর্ঘদিন ধরে ক্লিনটন দম্পতির সাক্ষ্যের দাবি জানিয়ে আসছিল।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে বিল ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি তদন্ত প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, ক্লিনটন দম্পতি ইতোমধ্যেই শপথের মাধ্যমে তাদের জানা তথ্য দিয়েছেন, কিন্তু তদন্ত কমিটি বিষয়টি ভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করছে।

বিল ক্লিনটন অতীতে জেফরি এপস্টেইনের সঙ্গে পরিচয়ের কথা স্বীকার করলেও তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো জ্ঞান থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের ব্যক্তিগত জেটে ক্লিনটনের ভ্রমণের রেকর্ড ও অবকাশ যাপনের কিছু পুরোনো ছবি প্রকাশ করলেও ক্লিনটন শিবিরের দাবি, প্রায় দুই দশক আগেই এপস্টেইনের সঙ্গে তাদের সব ধরনের সম্পর্ক ছিন্ন হয়।

এদিকে তদন্ত কমিটির চেয়ারম্যান জেমস কোমার ক্লিনটন দম্পতির সাক্ষ্য দিতে সম্মত হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। এর আগে ক্লিনটনরা এই তদন্তকে রাজনৈতিক প্রতিপক্ষদের হেনস্তার কৌশল হিসেবে আখ্যা দিয়েছিলেন।

দীর্ঘ টানাপোড়েনের পর সশরীরে উপস্থিত হয়ে তথ্য দিতে সম্মত হওয়ায় এপস্টেইন তদন্তে নতুন গতি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: বিবিসি।