আর মাত্র পাঁচ মাস পরই পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এবারও শিরোপার অন্যতম হট ফেবারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২২ কাতার বিশ্বকাপে নাটকীয় ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের শিরোপা-খরা ঘুচিয়েছিল আলবিসেলেস্তেরা। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে এবার আরও প্রস্তুত ও আক্রমণাত্মক দল নিয়ে মাঠে নামতে চান কোচ লিওনেল স্কালোনি।
গত বিশ্বকাপের নায়ক অ্যানহেল দি মারিয়া জাতীয় দল থেকে অবসর নিলেও শিরোপা জেতা দলের বেশির ভাগ তারকাকেই যুক্তরাষ্ট্র–কানাডা–মেক্সিকোতে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপে দেখা যেতে পারে। ইতোমধ্যে আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াডের একটি প্রাথমিক রূপরেখাও স্পষ্ট হয়ে উঠেছে।
আর্জেন্টিনার খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক গাস্তুন এদুল সাম্প্রতিক পারফরম্যান্স ও কোচ স্কালোনির কৌশলগত ভাবনা বিশ্লেষণ করে একটি সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডের খসড়া তৈরি করেছেন। ইনজুরি, ফর্মের ওঠানামা কিংবা নতুন প্রতিভার উত্থানে তালিকায় পরিবর্তন আসতে পারে, তবে বর্তমান বাস্তবতায় তিনি ২৬ জনের একটি প্রাথমিক দল অনুমান করেছেন।
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘জে’-তে। দলটি আগামী ১৬ জুন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এরপর ২২ জুন আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তারা। একই ভেন্যুতে ২৭ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।



