পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলার গুরগুরি এলাকায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পুলিশের একটি গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। খবর প্রকাশ করেছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন।
জেলা পুলিশের মুখপাত্র সৈকত খান হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই এলাকায় পুলিশের একটি বড় বহর মোতায়েন করা হয়েছে, যেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন। হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, হামলার সুনির্দিষ্ট ধরন এখনো স্পষ্ট নয়। তবে জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত ছবিতে গাড়ির পুড়ে যাওয়া অংশ দেখা গেছে।
ডন জানায়, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় পুলিশকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।
উল্লেখ্য, গত সপ্তাহে লাক্ষি মারওয়াতে বন্দুক হামলায় পুলিশের এক কর্মকর্তা ও তার ভাই নিহত হন। চলতি মাসের শুরুতে একই এলাকায় আত্মঘাতী হামলায় একজন পুলিশ সদস্য নিহত এবং আরও পাঁচজন আহত হন। এর আগে, নভেম্বরে প্রদেশটির হাঙ্গু জেলায় একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলায় তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন।



