জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়সম্বলিত ২২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন পায়।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন, ৫টি সংশোধিত এবং ৩টি মেয়াদ বৃদ্ধি করা প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ৩০ হাজার ৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে এক হাজার ৬৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা ব্যয় হবে।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ধর্ম উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুমোদিত প্রকল্পগুলো সড়ক ও মহাসড়ক উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্থানীয় সরকার অবকাঠামো, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, কৃষি ও সমাজকল্যাণ খাতভুক্ত।
সভায় কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ৪৬২ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি সড়ক ও জনপথ অধিদফতর বাস্তবায়ন করবে।
দিনাজপুর সড়ক বিভাগের আওতায় হিলি স্থলবন্দর থেকে ডুগডুগি ঘোড়াঘাট পর্যন্ত জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেওয়া হয়, ফলে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৫৮৭ কোটি ৮৮ লাখ টাকা।
এছাড়া ঢাকা–সিলেট–তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ অংশে চতুর্থ দফা মেয়াদ বৃদ্ধি, নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী এবং ঢাকা ওয়াসা প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি স্থাপন প্রকল্প অনুমোদন পায়।
সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ব্যয় কিছুটা কমানো হয়েছে। পাশাপাশি মোংলা নৌঘাঁটির অবকাঠামো উন্নয়ন, ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন, নার্সিং শিক্ষা ও গবেষণা সক্ষমতা বৃদ্ধি প্রকল্পও অনুমোদিত হয়।
শিক্ষা খাতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উন্নয়ন প্রকল্প সংশোধন করা হয়েছে। সমাজকল্যাণ খাতে দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণ প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়।
পানি সম্পদ খাতে রাঙামাটি জেলার নদী ব্যবস্থাপনা, গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের পুনর্বাসন এবং সুরমা–কুশিয়ারা নদী অববাহিকা উন্নয়ন প্রকল্প অনুমোদন পায়।
এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন, পটুয়াখালীর গ্রামীণ অবকাঠামো, সিলেট বিভাগের সড়ক প্রশস্তকরণ, বগুড়া অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন, সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি ও দারুল আরকাম ইসলামী শিক্ষা উন্নয়ন প্রকল্পও একনেকে অনুমোদিত হয়েছে।



