tanaka
প্রচ্ছদজাতীয়৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন।

শনিবার (১ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রত্নতত্ত্ব ও জাদুঘর) দীপংকর বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, জাদুঘর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে এর আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী ৫ আগস্ট উদ্বোধনের জন্য সময় নির্ধারণ করেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্বোধনের তারিখ চূড়ান্ত হলেও জাদুঘরের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের কাজ এখনো সম্পন্ন হয়নি।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উদ্বোধনের পর জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য, দলিল ও স্মারক সংরক্ষণের উদ্দেশ্যে গণভবনে প্রতিষ্ঠা করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

এর আগে জাদুঘরটির উদ্বোধনের ঘোষণা একাধিকবার দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাদুঘরটি পরিদর্শন করে দ্রুত চালুর নির্দেশনা দেন। পরে তৎকালীন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ২০২৫ সালের ৫ আগস্ট জাদুঘর উদ্বোধনের ঘোষণা দিলেও নির্ধারিত সময়ে তা আর বাস্তবায়িত হয়নি।