দেশের ২৭টি জেলার স্থানীয় সরকার বিভাগে নতুন উপ-পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭ কর্মকর্তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বদলি হওয়া কর্মকর্তারা উপসচিব পদমর্যাদার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নরসিংদী, টাঙ্গাইল, ঝিনাইদহ, সাতক্ষীরা, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিলেট, হবিগঞ্জ, বরিশাল, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম, চাঁদপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, লক্ষ্মীপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলায় এসব কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন পদায়ন পাওয়া কর্মকর্তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন অপরাহ্নে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



