tanaka
প্রচ্ছদজাতীয়২০২৭ সালের প্রথম প্রান্তিকে উদ্বোধন হতে পারে পদ্মা ব্যারেজ: পানিসম্পদমন্ত্রী

২০২৭ সালের প্রথম প্রান্তিকে উদ্বোধন হতে পারে পদ্মা ব্যারেজ: পানিসম্পদমন্ত্রী

পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে যেকোনো সময়ে এর উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির উদ্বোধন করতে পারেন বলেও জানান তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে পদ্মা ব্যারেজ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান মন্ত্রী।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, পদ্মা ব্যারেজ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও বড় প্রকল্প। এটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ, পশ্চিম ও উত্তরাঞ্চলের ২৪টি জেলার অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে।

প্রকল্পটি বাস্তবায়নের ফলে সংশ্লিষ্ট অঞ্চলে কৃষি উৎপাদনে ব্যাপক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বিদ্যুৎ ও মাছ উৎপাদন বাড়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুযোগ-সুবিধাও যুক্ত হবে।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজবাড়ীর মানুষের প্রতি অভিনন্দনও জানান তিনি।

তিনি বলেন, বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল। এখন সেই প্রতিশ্রুতিকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়ার কাজ এগিয়ে চলছে।

পরিদর্শনের সময় পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের এমপি হারুন-অর-রশিদ হারুন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি মো. আসলাম মিয়াসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত ১৩ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়) নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা।