tanaka
প্রচ্ছদখেলাস্ট্রাইকার রাফিনিয়ার দুর্দান্ত শুরু, মেসির যে রেকর্ডগুলো এখন আলোচনায়

স্ট্রাইকার রাফিনিয়ার দুর্দান্ত শুরু, মেসির যে রেকর্ডগুলো এখন আলোচনায়

বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির রেখে যাওয়া রেকর্ডের অনেকগুলোই বছরের পর বছর ধরে ধরাছোঁয়ার বাইরে ছিল। তবে নতুন মৌসুমে রাফিনিয়াকে কেন্দ্রীয় ফরোয়ার্ড হিসেবে খেলানোর সিদ্ধান্তে সেই রেকর্ডগুলোর কিছু আবার আলোচনায় এসেছে। মৌসুমের শুরুতেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলের বন্যা তাকে মেসির কয়েকটি কীর্তির দিকে তাকানোর সুযোগ করে দিয়েছে।

২০২৬-২৭ মৌসুমে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে রাফিনিয়ার গোল আটটি। রবার্ট লেভানডবস্কি ও ফেরান তোরেস দল ছাড়ার পর এবং জুলিয়ান আলভারেজকে দলে আনার চেষ্টা সফল না হওয়ায় রাফিনিয়াকে মূল স্ট্রাইকার হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয় বার্সেলোনা। এতদিন মূলত উইংয়ে খেলা এই ফরোয়ার্ডকে আক্রমণের কেন্দ্রে তুলে আনার পর তার গোল করার সামর্থ্য আরও স্পষ্ট হয়ে উঠেছে।

মেসির যে রেকর্ডগুলোতে এবার রাফিনিয়ার নজর পড়তে পারে, সেগুলো হলো—

লা লিগায় টানা ২১ ম্যাচে গোল

২০১২-১৩ মৌসুমে লা লিগার টানা ২১ ম্যাচে গোল করে অনন্য নজির গড়েছিলেন মেসি। রাফিনিয়া অবশ্য এখনো সেই মাইলফলক থেকে অনেক দূরে। তবে চলতি লিগে প্রথম চার ম্যাচেই তার পা থেকে এসেছে গোল। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে ভবিষ্যতে মেসির রেকর্ডের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

চ্যাম্পিয়ন্স লিগে ১৪ গোল

২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে ১৪ গোল করেছিলেন মেসি। এবারের ইউরোপীয় আসরে প্রথম ম্যাচেই জোড়া গোল করে রাফিনিয়াও শুরু করেছেন দারুণভাবে। নতুন ফরম্যাটে নকআউট পর্ব পর্যন্ত বেশি ম্যাচ খেলার সুযোগ থাকায় মৌসুম শেষে ১৪ গোলের রেকর্ডের দিকে তাকানোর সুযোগ তার সামনে তৈরি হতে পারে।

হোস্কোরডের গড় রেটিং

শুধু গোল নয়, পারফরম্যান্সের সামগ্রিক মানদণ্ডেও মেসির একটি অসাধারণ রেকর্ড রয়েছে। টানা ১২ মৌসুম হোস্কোরডের গড় রেটিংয়ে ৮.০০-এর ওপরে ছিলেন তিনি। তার সর্বোচ্চ গড় রেটিং ছিল ৮.৮৮। চলতি মৌসুমে এখন পর্যন্ত রাফিনিয়ার রেটিং ৮.৭২, যা শুরুতেই তাকে মেসির সেরা সময়ের কাছাকাছি নিয়ে এসেছে।

লা লিগায় এক মৌসুমে ৫০ গোল

২০১১-১২ মৌসুমে লা লিগায় ৫০ গোল করেছিলেন মেসি। দীর্ঘদিন ধরে যা অন্যতম বিরল ব্যক্তিগত কীর্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। রাফিনিয়ার বর্তমান গোলের গতি অবশ্য নতুন আশার জন্ম দিচ্ছে। প্রথম চার লিগ ম্যাচে তার গোল ছয়টি—অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে দেড় গোল। এই গতি ৩৮ ম্যাচজুড়ে ধরে রাখতে পারলে তার গোলসংখ্যা ৫৭-তে পৌঁছাতে পারে।

এক মৌসুমে আট হ্যাটট্রিক

লা লিগার এক মৌসুমে আটটি হ্যাটট্রিক করার রেকর্ডও মেসির। রাফিনিয়ার নতুন ভূমিকায় তাকে গোলের জন্য আরও বেশি সুযোগ তৈরি করে দিচ্ছেন ইয়ামাল, পেদ্রি ও ফেরমিনের মতো সতীর্থরা। ফলে মৌসুমের বিভিন্ন সময়ে একাধিক হ্যাটট্রিক করার সম্ভাবনাও রয়েছে তার।

৩৮ ম্যাচের ২৭টিতে গোল

লা লিগার এক মৌসুমে ৩৮ ম্যাচের মধ্যে ২৭ ম্যাচে গোল করার নজির রয়েছে মেসির। রাফিনিয়া এবার প্রথম চার লিগ ম্যাচেই গোল করেছেন। তবে এই রেকর্ড স্পর্শ করতে হলে পুরো মৌসুমে প্রায় একই ধরনের ধারাবাহিকতা ধরে রাখতে হবে তাকে।

এক মৌসুমে ৭৩ গোল

সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি হতে পারে মেসির ২০১১-১২ মৌসুমের ৭৩ গোলের রেকর্ড। ওই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। রাফিনিয়া এবার পাঁচ ম্যাচেই আট গোল করেছেন। এই একই গতি ৫০ ম্যাচ ধরে রাখতে পারলে তার গোলসংখ্যা ৮০-এর কাছাকাছি পৌঁছানোর হিসাব দাঁড়ায়।

তবে মৌসুমের শুরুতে এমন পরিসংখ্যান দিয়ে শেষ পর্যন্ত কী হবে, তা নিশ্চিতভাবে বলা কঠিন। সামনে চোট, ফর্মের ওঠানামা, ম্যাচের সংখ্যা এবং প্রতিপক্ষের শক্তিমত্তাসহ নানা বিষয় প্রভাব ফেলতে পারে। তবু উইং থেকে স্ট্রাইকারে পরিবর্তনের পর রাফিনিয়ার এমন বিস্ফোরক সূচনা বার্সেলোনায় মেসির বহু পুরোনো রেকর্ড নতুন করে আলোচনায় আনার মতোই।