ম্যানচেস্টারের কুখ্যাত সিরিয়াল ধর্ষক রেইনহার্ড সিনাগাকে ফেরত নিতে চায় ইন্দোনেশিয়া। বিনিময়ে দেশটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রিটিশ নারী লিন্ডসে স্যান্ডিফোর্ডকে যুক্তরাজ্যে ফেরত পাঠানোর প্রস্তাব দেয়। এমন অদলবদল প্রস্তাবে গভীর হতাশা প্রকাশ করেছেন ব্রিটিশ কূটনীতিকরা— জানিয়েছে অনলাইন ডেইলি মেইল।
৬৯ বছর বয়সী স্যান্ডিফোর্ড ১৩ বছর ধরে মৃত্যুদণ্ডের প্রহর গুনছিলেন। মুক্তির মাত্র কয়েকদিন আগে ইন্দোনেশিয়ার এই অদলবদল দাবি আলোচনায় বড় ধাক্কা দেয় এবং তার দেশে ফেরা আট মাস পর্যন্ত বিলম্বিত হয়। শেষ পর্যন্ত গত সপ্তাহান্তে তিনি যুক্তরাজ্যে ফিরতে সক্ষম হন। লন্ডন জানিয়ে দেয়— স্যান্ডিফোর্ডের মুক্তি হবে নিঃশর্ত, কোনো কয়েদি বিনিময় নয়। কারণ, এমনটি হলে ১৩৬ জন পুরুষকে ধর্ষণকারী রেইনহার্ড সিনাগা পাঁচ বছরের মধ্যেই মুক্তি পেতে পারতেন।
৪২ বছর বয়সী সিনাগা ইন্দোনেশিয়ার ধনী রিয়েল এস্টেট ব্যবসায়ী ও সাবেক ব্যাংকারের ছেলে। পিএইচডি ছাত্র হিসেবে তিনি যুক্তরাজ্যে আসেন। ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে ম্যানচেস্টারের নাইটক্লাবগুলো থেকে ফেরত আসা তরুণদের ফ্ল্যাটে ডেকে নিয়ে মাদক খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করতেন এবং ভিডিও করতেন। একজন ১৮ বছরের রাগবি খেলোয়াড় হঠাৎ সজাগ হয়ে প্রতিরোধ করায় সিনাগা ধরা পড়েন। পরে তার ফোন থেকে ডজন ডজন ভিডিও উদ্ধার হয়। অনেক ভুক্তভোগীই জানতেন না যে তারা ধর্ষণের শিকার হয়েছেন— পুলিশ জানানো পর্যন্ত।
২০১৯ সালে সিনাগা ১৫৯টি যৌন অপরাধ, যার মধ্যে ১৩৬টি ধর্ষণ— এসব অভিযোগে কমপক্ষে ৪০ বছরের কারাদণ্ড পান।
অন্যদিকে স্যান্ডিফোর্ড ২০১২ সালে ১.৬ মিলিয়ন পাউন্ড মূল্যের কোকেন পাচারের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। চলতি বছরের মার্চে তাকে প্রত্যার্পণের প্রস্তুতি চলছিল। কিন্তু শেষ মুহূর্তে ইন্দোনেশিয়া জানায়— তারা বন্দি বিনিময় ছাড়া তাকে ফেরত পাঠাবে না। এতে হতবাক হন ব্রিটিশ কূটনীতিকরা। যুক্তরাজ্য তাৎক্ষণিকভাবে এই দাবি প্রত্যাখ্যান করে।
স্যান্ডিফোর্ড বলেন, “আমি সব জিনিসপত্র সহবন্দিদের দিয়ে দিয়েছিলাম, কোন ফ্লাইটে যাব তাও ঠিক ছিল। ঠিক তখনই তারা বলে— বন্দি বিনিময় চাই।”
সিনাগার বাবা-মা দীর্ঘদিন ধরে তাকে ইন্দোনেশিয়ায় ফেরত নেওয়ার জন্য লবিং করছেন যাতে তিনি সেখানে ‘সাজার বাকি অংশ’ কাটাতে পারেন।



