দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ এসব প্রতিষ্ঠানে শর্তসাপেক্ষে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ অনুমোদনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এসব নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসরের তারিখ পর্যন্ত—যেটি আগে ঘটবে—সেই সময় পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থানের নির্দেশনাও দেওয়া হয়েছে।
যেসব বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ভিসি হয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ইউট্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইবি সাদা দলের আহ্বায়ক হিসেবে পরিচিত।
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম।
- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভিসি হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের দায়িত্ব পালন করেন।
- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন ভিসি হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। বর্তমানে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান।
- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. গোলাম রব্বানী।
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ট্রেজারার ড. আবুল হাসনাত মোহা. শামীম।
- জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ভিসি হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া বহু উপাচার্য, উপ-উপাচার্য ও শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন। পরে অন্তর্বর্তী সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শর্তসাপেক্ষে নতুন ভিসি নিয়োগ দেয়।
বর্তমানে দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে পরিবর্তন আনা হয়েছে। তবে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে কয়েকজন ভিসি সমালোচনার মুখেও রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আরও অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে।
এর আগে চলতি বছরের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভিসি নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো—রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।



