tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজনীতি১০০ টাকার বেশি নিলেই লাইসেন্স বাতিল, ময়লা না সরালেও ব্যবস্থা: ডিএসসিসি

১০০ টাকার বেশি নিলেই লাইসেন্স বাতিল, ময়লা না সরালেও ব্যবস্থা: ডিএসসিসি

বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় কিংবা প্রতিদিনের ময়লা প্রতিদিন অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের (পিসিএসপি) লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (১১ মে) রাজধানীর নগর ভবন অডিটরিয়ামে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর (পিসিএসপি) সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

সভায় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, কিছু প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করছে এবং নিয়মিত ময়লা সংগ্রহ করছে না, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, “প্রতিটি ফ্ল্যাট বা বাসাবাড়ি থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা নেওয়া যাবে এবং তা অবশ্যই নির্ধারিত রশিদের মাধ্যমে আদায় করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় গৃহীত প্রধান সিদ্ধান্ত ও নির্দেশনাগুলো হলো—

  • নির্ধারিত ১০০ টাকার বেশি বিল আদায় করলে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি লাইসেন্স বাতিল করা হবে।
  • প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই অপসারণ নিশ্চিত করতে হবে। কোনো এলাকায় ময়লা জমে থাকতে দেওয়া যাবে না।
  • ঈদুল আজহার তিন দিন কোনো পরিচ্ছন্নতা কর্মী বা সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না। প্রতিটি ওয়ার্ড সম্পূর্ণ বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত কর্মীদের মাঠে দায়িত্ব পালন করতে হবে।
  • পিসিএসপি ঠিকাদারদের সরাসরি মাঠে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করতে হবে এবং পর্যাপ্ত ভ্যান ও জনবল নিশ্চিত করতে হবে।
  • নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে এবং পরিচ্ছন্নতাকর্মীদের পরিচ্ছন্ন পোশাকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
  • রাস্তা বা খালে ময়লা ফেললে সংশ্লিষ্ট বাসাবাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা শুধু একটি সেবা নয়, এটি সামাজিক ও মানবিক দায়িত্বেরও অংশ। চুক্তির শর্ত লঙ্ঘন করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।