জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতাকে দমনে উসকানির অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় প্রেস ক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
অপর দুই সাংবাদিক হলেন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা।
প্রসিকিউশন জানায়, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত ১৭ আগস্ট তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এ মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখানোর আবেদন করবে রাষ্ট্রপক্ষ।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ বলে মন্তব্য করেছিলেন শেখ হাসিনা।
প্রসিকিউটরের দাবি, সংবাদ সম্মেলনে প্রশ্ন করা সাংবাদিকদের দায়িত্ব হলেও ওই সময় নির্দিষ্ট কয়েকজন সাংবাদিক নিয়মিত উপস্থিত হয়ে প্রশ্নের পরিবর্তে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রশংসা করতেন এবং তাকে দিয়ে নির্দিষ্ট বক্তব্য বলানোর মতো উসকানিমূলক প্রস্তাব দিতেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ, এসব বক্তব্যের মাধ্যমেই অপরাধ সংঘটিত হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়।
প্রসিকিউশন আরও জানায়, এটি কোনো পুরোনো মামলার অংশ নয়; নতুন করে দায়ের করা একটি ‘মিস কেস’ বা বিবিধ মামলা। ১৪ জুলাইয়ের উসকানিমূলক প্ররোচনার অভিযোগে মামলাটি করা হয়েছে এবং এটি বর্তমানে তদন্তাধীন।



