দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ৮১ দিনে হাম ও এর উপসর্গে ৬০০-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭২ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৯১ জনে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ১৪২ জন।
এদিকে, সারা দেশে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৫১১ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯০ শিশু। ফলে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৬০১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।



