দেশজুড়ে হাম পরিস্থিতিতে উদ্বেগ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ৯৬৮ শিশু।
রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ৯০৫ শিশু। আর গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনে।
অন্যদিকে, গত এক দিনে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬৩ শিশুর। একই সময়সীমায় অর্থাৎ ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৯ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫১ হাজার ২৪ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৪৫ হাজার ২৫২ শিশু।
মৃত্যুর পরিসংখ্যানেও নতুন করে তিনজন যুক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হওয়ায় ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২২ জনে।
তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ১০০ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।



