স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে হামের টিকার নতুন সরবরাহ নিশ্চিত করতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৫ দিনে দেশে হামের সংক্রমণ কিছুটা বেড়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকারের সক্ষমতা রয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর অধীন হাসপাতালেও হামের জন্য পৃথক কর্নার চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, গত আট বছর নিয়মিতভাবে হামের টিকাদান কার্যক্রম চালু না থাকায় বর্তমানে সংক্রমণ বাড়ছে। তবে নতুন করে টিকা ক্রয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী জানান, বেসরকারি সহায়তায় পাঁচটি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে চারটি রাজশাহীতে পাঠানো হবে।
স্বাস্থ্য খাতে উদ্ভূত নতুন নতুন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।



