ইরানে সম্ভাব্য স্থল অভিযান চালানোর পরিকল্পনার খবর সামনে আসতেই দেশটির প্রভাবশালী গণমাধ্যম তেহরান টাইমস তাদের ইংরেজি সংস্করণের প্রথম পাতায় প্রকাশ করেছে তীব্র বার্তা—‘Welcome to Hell’ জাহান্নামে স্বাগতম। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রতি প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলা হয়েছে, কোনো মার্কিন সেনা ইরানের মাটিতে পা রাখলে তারা ‘কফিনে করেই ফিরবে’।
এই সতর্কবার্তা এমন সময় এলো, যখন মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা বিবেচনা করছে। ধারণা করা হচ্ছে, এমন পদক্ষেপ নেওয়া হলে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার হবে।
মার্কিন প্রশাসন ইরানের ভেতরে সম্ভাব্য স্থল অভিযান নিয়ে প্রস্তুতি রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ইরানের সঙ্গে সংঘাত নিরসনে শান্তি আলোচনা চলছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনার উদ্দেশ্য ট্রাম্পকে সামরিক বিকল্পের পরিধি বাড়িয়ে দেওয়া। ইতোমধ্যে হাজার হাজার প্যারাট্রুপার ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।
একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান শুরু করে, তবে তেহরান ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীদের সক্রিয় করতে পারে। এতে লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর আবার হামলা শুরু হতে পারে, যা সংঘাতকে নতুন মাত্রা দিতে পারে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প ধারাবাহিকভাবে বলে আসছেন, তিনি ইরানের বিরুদ্ধে স্থলযুদ্ধে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা করছেন না। অতিরিক্ত মার্কিন সেনাদের অবস্থান কোথায় হবে, সেটিও এখনো পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, তাদের ইরান ও দেশটির গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ডের কাছাকাছি মোতায়েন করা হতে পারে।



