২০২৬ সালের হজকে সামনে রেখে নতুন কিছু বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে রাজনৈতিক কিংবা সাম্প্রদায়িক স্লোগান, পতাকা ও যেকোনো ধরনের প্রচারধর্মী কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
কর্তৃপক্ষ বলছে, এই নিষেধাজ্ঞা শুধু পবিত্র স্থানেই নয়, মক্কার গ্র্যান্ড মসজিদ, মদিনার মসজিদে নববী, আশপাশের এলাকা এবং এসব স্থানে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও কার্যকর হবে। হজ মৌসুমে অতিরিক্ত জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া নিরাপত্তা ব্যারিয়ার অতিক্রম বা খুলে ফেলার ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, হাজিদের নির্বিঘ্ন চলাচল ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ পালনের জন্য মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ কিংবা অবস্থানের ক্ষেত্রে প্রত্যেক হাজির বৈধ হজ পারমিট থাকা বাধ্যতামূলক। নিরাপত্তাকর্মীদের চাহিদা অনুযায়ী অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
হজকে ঘিরে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা মান আরও উন্নত করতে সাম্প্রতিক সময়ে নজরদারি এবং আইন প্রয়োগ কার্যক্রম বাড়িয়েছে সৌদি আরব। ইতোমধ্যে গ্র্যান্ড মসজিদ ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হাজিদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: গালফ নিউজ



