স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। আগামী ২৪ আগস্ট ২০২৬ থেকে নতুন মেয়াদ কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত সোমবার (১৭ আগস্ট) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারার আওতায় ডা. নাজমুল হোসেনকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন নিয়োগের মেয়াদ হবে এক বছর। অর্থাৎ ২০২৭ সালের ২৩ আগস্ট পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত হিসেবে তার অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে অন্য কোনো পেশা বা ব্যবসায় যুক্ত হওয়া কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখার সুযোগ থাকবে না।
এ ছাড়া চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



