ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় এখন পুরো বিশ্ব মগ্ন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ফুটবলারদের ব্যক্তিজীবনও সমানভাবে আলোচনায় আসছে। ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের ব্যক্তিগত জীবন ঘিরেও নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। এবার তার সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জনে উঠে এসেছে স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর নাম।
যদিও এমবাপ্পে বা এস্টার—কেউই প্রকাশ্যে এই সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি, তবে গত কয়েক মাসে একাধিকবার তাদের একসঙ্গে দেখা যাওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়েছে।
২০০০ সালের ২৬ জানুয়ারি স্পেনের রাজধানী মাদ্রিদে জন্মগ্রহণ করেন এস্টার এক্সপোসিতো। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। ২০১৮ সালে নেটফ্লিক্সের বিশ্বজুড়ে জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘এলিট’-এ কার্লা রোসন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “এলিট আমার জীবন পুরো বদলে দিয়েছে। এই সিরিজের পর বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আমাকে চিনতে শুরু করে।”
ইনস্টাগ্রামে এস্টারের অনুসারী ২ কোটি ৪০ লাখের বেশি। সেখানে তিনি নিয়মিত সিনেমার শুটিং, ফ্যাশন ক্যাম্পেইন, ভ্রমণ এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে তার দৃষ্টিভঙ্গি বেশ সংযত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইনস্টাগ্রাম আমার জীবনের খুব ছোট একটি অংশ। সুযোগ পেলেই আমি ফোন থেকে দূরে থাকার চেষ্টা করি।”
চলতি বছরের এপ্রিলে প্যারিসে কিলিয়ান এমবাপ্পে এবং এস্টারকে একসঙ্গে নৈশভোজে দেখা গেছে। এছাড়া বিশ্বকাপ শুরুর আগে স্পেনের ইবিজাতেও তাদের একসঙ্গে ঘোরাঘুরির খবর সামনে আসে।
এরপর থেকেই তাদের সম্পর্ক ঘিরে গুঞ্জন আরও জোরালো হয়। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে এস্টার এক্সপোসিতো শুধু বলেন, “এ বিষয়ে আমি কিছু বলব না, তবে আমি ভালো আছি।”



