সৌদি আরব প্রবাসীদের জন্য শ্রমবাজার সংকুচিত করে দেশটির নাগরিকদের জন্য মার্কেটিং ও সেলস খাতে কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি করছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সোমবার (১৯ জানুয়ারি) জানিয়েছে, এই দুই খাতে কর্মরত প্রতিষ্ঠানের অন্তত ৬০ শতাংশ কর্মী হতে হবে সৌদি নাগরিক। এতে বিদেশি প্রবাসীদের জন্য এটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
নতুন নিয়ম অনুযায়ী, যেখানে তিন বা তার বেশি কর্মী কর্মরত, সেখানে মোট জনবলের ৬০ শতাংশ স্থানীয়দের দিয়ে পূরণ করতে হবে। মার্কেটিং খাতে এতে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, গ্রাফিক ডিজাইনার ও জনসংযোগ কর্মকর্তাদের মতো গুরুত্বপূর্ণ পদগুলো অন্তর্ভুক্ত। সেলস খাতেও বিক্রয় ব্যবস্থাপক থেকে আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞ পর্যন্ত পদে সৌদি নাগরিক নিয়োগ বাড়ানো হচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এসব পদে নিযুক্ত সৌদি কর্মীদের মাসিক ন্যূনতম বেতন ৫,৫০০ রিয়াল হতে হবে। নতুন নিয়ম ঘোষণার তিন মাস পর থেকে দেশজুড়ে কার্যকর হবে।
এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো বেসরকারি খাতের শ্রমবাজারকে স্থানীয়দের জন্য আরও আকর্ষণীয় করা এবং যোগ্য সৌদি নাগরিকদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা। তবে এতে মার্কেটিং ও সেলস খাতের কয়েক লাখ প্রবাসী কর্মী বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন।
সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে বিদেশি শ্রমিকদের বদলে নিজস্ব জনবল নিয়োগের এই পদক্ষেপের মাধ্যমে দেশজুড়ে মানসম্পন্ন চাকরির সুযোগ বৃদ্ধি করা হবে।



