tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকনিউইয়র্কে আরএসএস প্রধান ‘কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিম থাকবে না,...

নিউইয়র্কে আরএসএস প্রধান ‘কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিম থাকবে না, তবে তিনি হিন্দুই নন’

মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং ধর্মীয় বিভিন্ন পথ একই লক্ষ্যে পৌঁছে দেয়—এমন মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন, ‘কোনো হিন্দু যদি মনে করেন ভারতে কোনো মুসলমানের থাকা উচিত নয়, তবে তিনি আর হিন্দু থাকবেন না।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘এক বিশ্ব, এক মানবতা’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মোহন ভাগবত জানান, বিভিন্ন সময়ে মুসলিম প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তারা আরএসএসের লক্ষ্য এবং ‘হিন্দু রাষ্ট্র’ ধারণা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ভারত থেকে মুসলিমদের বের করে দেওয়া হবে কি না।

জবাবে ভাগবত বলেন, ‘না। হিন্দু রাষ্ট্র মানে মুসলিমদের বের করে দেওয়া নয়। এটি হিন্দুত্বের সংজ্ঞার মধ্যেও পড়ে না।’ তিনি আরও বলেন, কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমদের কোনো স্থান নেই, তাহলে তিনি আর হিন্দু থাকেন না।

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শিক সংগঠন হিসেবে পরিচিত আরএসএস। সংগঠনটির বিরুদ্ধে ভারতে হিন্দুত্ববাদী রাজনীতি ও মুসলিমবিরোধী সহিংসতায় ভূমিকা রাখার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অবশ্য আরএসএসের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অস্বীকার করা হয়েছে।

মোহন ভাগবতের নিউইয়র্ক সফরকে ঘিরে কয়েকটি মানবাধিকার সংগঠন ও স্থানীয় অধিকারকর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, ভারতে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিয়ে আরএসএসের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এসব আপত্তির মধ্যেই পূর্বনির্ধারিত অনুষ্ঠানে অংশ নেন আরএসএস প্রধান।