নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশে ভোটের সংস্কৃতি ও রাজনৈতিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন কোনো পক্ষের চাপের মুখে নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও বর্তমানে সন্তোষজনক। নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ বিদ্যমান এবং এবার কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইসি মাছউদ বলেন, জাতিকে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত প্রায় ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। তাদের মধ্যে দায়িত্বশীল মানসিকতা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগের তুলনায় অনেক ভালো।
তিনি আরও বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের চাপ নেই। তবে নির্বাচনকে সহজ ও গ্রহণযোগ্য করতে সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের স্পষ্ট বার্তা হলো—নির্বাচনের পরিপন্থী যেকোনো কার্যক্রমের আমরা বিরোধী। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে জনগণকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বড় দুই রাজনৈতিক দলের নেতারা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলছেন। কমিশনের আহ্বানে তারা পোস্টার অপসারণ ও সফর বাতিল করেছেন।
তিনি বলেন, রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছেন, তা ভোটযুদ্ধের অংশ এবং রাজনৈতিক কৌশল। তবে সব ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই। শহীদ শরিফ ওসমান হাদি হত্যার ঘটনাও নিন্দনীয় এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।
এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



