চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তার চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছ থেকেও প্রয়োজনীয় তথ্য নেন তিনি।
আহত সেনা কর্মকর্তার দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় আহত কর্মকর্তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের সাহস জোগানোর পাশাপাশি কঠিন এই সময়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি। এতে হাসপাতাল প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর গুরুতর আহত সেনা কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে নেওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় নিহত দুই সেনা সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।



