চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ তিনটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ঘাট এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ডের ভাটিয়ারী স্টেশন।
চট্টগ্রাম কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাগরপথে অবৈধভাবে ইউরিয়া সার মিয়ানমারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বাঁশবাড়িয়া ঘাটে তিনটি ট্রাক থেকে একটি কার্গো বোটে সার তোলার সময় কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে দুজনকে হাতেনাতে আটক করেন। পরে ট্রাকগুলোতে থাকা মোট ৭০০ বস্তা রাসায়নিক ইউরিয়া সার জব্দ করা হয়।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা সার ও পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাকের পাশাপাশি আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরে জব্দ করা ইউরিয়া সার নিলামের মাধ্যমে ৮ লাখ ৭৫ হাজার টাকায় সন্দ্বীপের এক সার ডিলারের কাছে বিক্রি করে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন বলেন, অবৈধভাবে সার পাচারের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।



