বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদার করতে এবং উভয় দেশের জন্য দৃশ্যমান ও বাস্তব সুফল নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সারাহ কুক বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের অংশীদারিত্বের শক্তি ও পরিধি ক্রমেই বাড়ছে। দুই দেশের সাম্প্রতিক আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন সহযোগিতা, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুসহ বেশ কিছু অভিন্ন অগ্রাধিকার গুরুত্ব পেয়েছে।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের একটি শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে। দুই দেশের জনগণের মধ্যকার গভীর সম্পর্ক, প্রাণবন্ত বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে এ সম্পর্ক গড়ে উঠেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সারাহ কুক। তিনি বলেন, দুই দেশের শক্তিশালী অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে এবং উভয় দেশের জনগণের জন্য বাস্তব ও দৃশ্যমান সুফল নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তিনি আগ্রহী।



