অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ করদাতার তথ্য গোপন না রেখে সরকারকে অন্ধকারে না রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি রাজস্ব আহরণে আইনজীবীদের সহযোগিতার প্রয়োজনীয়তাও তিনি উল্লেখ করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অনুষ্ঠিত ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
অর্থ উপদেষ্টা বলেন, “আপনারা আইনজীবী, সরকারকে একটুও অন্ধকারে রাখবেন না। সামান্য সহযোগিতা করলেই রাজস্ব আহরণ সহজ হয়। আপনারা যদি ক্লায়েন্টকে সেবা দেন, আয়ও কমার নয়। বরং টেবিলের নিচে দীর্ঘ সময় টাকাপয়সা নেওয়ার চেয়ে দক্ষভাবে সেবা দিলে কাজটি অনেক সহজ হয়। আমরা বলছি না সম্পূর্ণ ফ্রি সেবা দিন, চার্জ করতে পারবেন। কিন্তু ভালো সেবা দিলে কেউ আপত্তি করবে না।”
সফটওয়্যার সম্পর্কে তিনি বলেন, “আজকের উদ্বোধন দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এটি অত্যন্ত প্রয়োজনীয় এবং কার্যকর হবে।”
সফটওয়্যার তৈরিতে কাজ করা কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “অনেকে অ্যাপ তৈরি করতে বাইরে থেকে সাহায্য নিতে অভ্যস্ত। এতে খরচ বেড়ে যায় এবং নির্ভরশীলতা তৈরি হয়। আমাদের উচিত দেশীয় দক্ষতাকে প্রাধান্য দেওয়া।”



