tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসমুদ্রের গভীরে বিশাল স্বর্ণ-রূপার ভান্ডারের সন্ধান চীনের

সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণ-রূপার ভান্ডারের সন্ধান চীনের

পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রে বিপুল পরিমাণ স্বর্ণ, রূপা ও অন্যান্য মূল্যবান খনিজের সন্ধান পেয়েছেন চীনা গবেষকেরা। দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আওতাধীন একটি এলাকায় পরিচালিত ১৮ দিনের অভিযানে নতুন এই গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান মেলে।

চীনের গবেষণা জাহাজ ‘সিয়াংইয়াংহং ১০’ থেকে পরিচালিত এ অভিযানে ডুবোযান ব্যবহার করে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭০০ থেকে ১ হাজার ৫০০ মিটার গভীরতায় খনিজ ক্ষেত্রটির অনুসন্ধান চালানো হয়।

গবেষকদের সংগ্রহ করা উত্তপ্ত সামুদ্রিক জলউৎস বা হাইড্রোথার্মাল ভেন্ট থেকে পাওয়া আকরিকের প্রাথমিক পরীক্ষায় উচ্চমাত্রায় স্বর্ণ ও রূপার উপস্থিতি শনাক্ত হয়েছে। কিছু নমুনায় প্রতি টন আকরিকে সর্বোচ্চ ১৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণ এবং ১ হাজার ২৭১ গ্রাম রূপা পাওয়া গেছে।

খনিজ ভান্ডারটিতে স্বর্ণ ও রূপার পাশাপাশি তামা ও দস্তার মতো গুরুত্বপূর্ণ ধাতুও রয়েছে। গবেষকেরা জানিয়েছেন, সেখানে বিপুল পরিমাণ পলিমেটালিক সালফাইড পাওয়া গেছে, যা গভীর সমুদ্রের মূল্যবান খনিজ সম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়। প্রাথমিক বিশ্লেষণে খনিজ ক্ষেত্রটির সম্ভাবনাকে বিশ্বমানের সমুদ্রগর্ভস্থ খনির সঙ্গে তুলনা করা হচ্ছে।

অভিযানের সময় ওই চরম পরিবেশের আশপাশে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীর উপস্থিতিও পর্যবেক্ষণ করেন গবেষকেরা। ফলে সম্ভাবনাময় এই খনিজ সম্পদ ঘিরে ভবিষ্যতে পরিবেশগত প্রভাব নিয়েও গুরুত্ব দিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে।

তবে গভীর সমুদ্রের প্রচণ্ড চাপ, দুর্গম পরিবেশ এবং প্রযুক্তিগত জটিলতার কারণে এখনই এসব খনিজ উত্তোলন করা সম্ভব নয় বলে জানিয়েছেন গবেষকেরা। ফলে আবিষ্কৃত ভান্ডারের প্রকৃত পরিমাণ, অর্থনৈতিক সম্ভাবনা এবং পরিবেশগত ঝুঁকি নির্ধারণে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন হবে।

সূত্র: গ্লোবাল টাইমস